পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৫১

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে শনিবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ঠাকুরবাড়ী মোড় এলাকায় দুপুরে টিসিবির পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান (১৭)। নিহত মেহেদী হাসান ক্ষেতলাল উপজেলার হিন্দা শিমুলতলী  গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে লরি চাপায় বাসচালক রনি হাসানের (২৪) মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি বিকল হলে চালক রনি তা মেরামত করছিলেন। এ সময় ঝুট বোঝাই একটি লরি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে রনি মারা যান। পুলিশ লরিটি জব্দ করলেও চালক-হেলপার পালিয়ে যান।

শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগর বাসের চাকায় পৃষ্ট হয়ে নুরালী গাজী (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামের কালভার্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে মৃত আমির চাঁদ গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, বাসচালককে আটকের চেষ্টা চলছে।