বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৫১

বরিশাল অফিস

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বরিশালে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করা হয়েছে। শনিবার নগরীর কাকলীর মোড় পুলিশ বক্সের সামনে মানবতার আহ্বানে বরিশাল জিলা স্কুলের সব ব্যাচের শিক্ষার্থীর উদ্যোগে বিএমপি পুলিশের তত্ত্বাবধানে এ করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। করোনা প্রতিরোধ বুথে জনসাধারণের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া থাকবে। এটা সবার জন্য উন্মুক্ত। যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক নিতে পারবেন। এ সময় পুলিশ কমিশনার কার্যালয়ের স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখী, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুর রহিমসহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাবুগঞ্জে এক কিন্ডারগার্টেনকে

জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় বর্ণমালা কিন্ডারগার্টেন খোলা রেখে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার এসিল্যান্ড মো. মিজানুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সিলগালা করে। এ সময় কিন্ডারগার্টেনের পরিচালক অপু চন্দ্র দাসের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।