স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকবিহীন মাঠে মোহামেডান ৪-১ গোলে উত্তর বারিধারাকে হারিয়ে এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ওঠার চেষ্টায় আছে। ঈদুল আজহার আগে এটাই ছিল মোহামেডানের শেষ খেলা। কালকের জয়ে মোহামেডান এখন চতুর্থ স্থানে, ১৮ খেলায় ৩২ পয়েন্ট (৫ ড্র, ৪ হার)। মোহামেডানের ওপরে তৃতীয় স্থানে শেখ জামাল, ১৬ খেলায় ৩৫। দ্বিতীয় স্থানে আবাহনী, ১৭ খেলায় ৩৬ পয়েন্ট। এই চিত্র বদলে যেতে পারে যদি মোহামেডান তাদের পরের দুই ম্যাচ জিতে যায়, আর অন্যরা যদি বাজে রেজাল্ট করে। তারপরও মোহামেডান এখন যেখানে আছে সেটাও কম না। গত কয়েক বছরের পারফরম্যান্সের চেয়ে এখন ভালো। ম্যাচ জয়ের খবর দিচ্ছে সাদাকালো সমর্থকদের। একটা সময় ড্র এবং হারের মধ্যে আটকে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার দরজা খুঁজে পেয়েছে মোহামেডান। আর এতে সমর্থকরাও কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। ভয়ে ছিলেন রেলিগেশন না হয়ে যায়। সেটি যে এবার হচ্ছে না তা নিশ্চিত।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হয়েছে। স্টেডিয়াম এলাকায় এখন যারা যাবেন গেলে দেখবেন ভেতরে দুই জায়গায় চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রেসবক্সের ওপরে ভিআইপি বক্স ভেঙে ফেলা হয়েছে। লিগের খেলা শেষ করতে হবে তাই করোনার মধ্যে খেলা চলছে। বৃষ্টি ভেজা মাঠে মোহামেডান ৪-১ গোলে বারিধারা ক্লাবকে হারালেও ম্যাচে সমতা এনেছিল বারিধারা। ম্যাচে প্রথম সুযোগেই গোলের দেখা পেতে পারত বারিধারা। অধিনায়ক সুমন রেজা দুই বার সহজ সুযোগ পেয়েও মোহামেডানের জালে বল রাখতে পারেননি। পালটা আক্রমণে ১৯ মিনিটে অধিনায়ক মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতের উত্স হতে আমির হাকিম বাপ্পী গোল করেন ১-০। পাঁচ মিনিটে গোল শোধ দেন উত্তর বারিধারার অধিনায়ক সুমন রেজা ১-১। সুন্দর গোল করেছেন জাতীয় দলে খেলা এই স্ট্রাইকার। মোহামেডানের ডিফেন্ডারদের ভুলের সুযোগে জিরো অ্যাঙ্গেল হতে অনিক হোসেনের সামনে দিয়ে গোল করে আগের দুই সুযোগ মিস করার প্রায়শ্চিত্ত করেন সুমন রেজা।
এরপরই দপ করে নিভে যায় অভিজাত পাড়ার বারিধারা। আর কোনো সুযোগ দেয় না মতিঝিলের অফিস পাড়ার মোহামেডান। ৩৬ মিনিটে সুলায়মান দিয়াবাতে গোল করেন ২-১। আর প্রথমার্ধেই স্কোর লাইন বাড়িয়ে দেন ডিফেন্ডার অনিক হোসেন ৩-১। ৮১ মিনিটে ক্যামেরুনের ফুটবলার ইয়াসান গোলের খাতায় নাম লেখান ৪-১। এই দুই দলের প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ১৭ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে বারিধারা নবম স্থানে।
রাতে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ ও পুলিশ ১-১ গোলে ড্র করে। ফেলিক্সের গোলে এগিয়ে থাকে রহমতগঞ্জ। প্রথমার্ধেই পুলিশের ইউ ক্রিস্টিয়ান পেনাল্টিতে গোল শোধ করেন।
আজকের খেলা
বসুন্ধরা ও চট্টগ্রাম আবাহনী। আবাহনী মুক্তিযোদ্ধা। (৪টা ৩০ ও ৬টা ৪৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।
