স্পোর্টস ডেস্ক
টি-২০’র বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত সব ক্রিকেটারে ঠাসা ক্যারিবিয়ানরা আবারও দেখাল কেন তারা খুদে সংস্করণে অপ্রতিরোধ্য? এভিন লুইসের মারকাটারি ব্যাটিং, আন্দ্রে রাসেল-শেলডন কটরেলদের বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে উইন্ডিজরা। গতকাল সেন্ট লুসিয়ায় সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে ১৬ রানে জিতেছে স্বাগতিকরা। ৪-১ এ সিরিজটা জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
আগে ব্যাট করে এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৯৯ রান তুলেছিল উইন্ডিজরা। ৩৪ বলে ৭৯ রানের (৪ চার, ৯ ছয়) ইনিংস খেলেন বাঁহাতি এ ওপেনার। গেইল ২১, সিমন্স ২১, পুরান ৩১ রান করেন। অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই ৩টি, জাম্পা-মিচেল মার্শ ২টি করে উইকেট পান।
জবাবে অস্ট্রেলিয়াও লড়েছে বেশ। ৯ উইকেটে ১৮৩ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা। ফিঞ্চ ৩৪, মিচেল মার্শ ৩০, হেনরিকস ২১, ম্যাথু ওয়েড ২৬, অ্যান্ড্রু টাই ১৫, সোয়েপসন অপরাজিত ১৪, হ্যাজেলউড অপরাজিত ১৩ রান করেন। স্বাগতিকদের পক্ষে কটরেল, রাসেল ৩টি করে, হেইডেন ওয়ালশ ১টি করে উইকেট পান। এভিন লুইস ম্যাচ সেরা হন। ১২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পান লেগ স্পিনার হেইডেন ওয়ালশ।
সিরিজটা অস্ট্রেলিয়া খেলেছেন স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলদের ছাড়াই। অস্ট্রেলিয়া শিবিরের জন্য খারাপ খবর গতকালকের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও। ওয়ানডে সিরিজের আগে তার ইনজুরি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ডকে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানের নেতৃত্বেই সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ জুলাই। ২৩ ও ২৫ জুলাই পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
