জাতীয় দলে বেতনভুক্ত ম্যানেজার নেওয়া হবে

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:০৪

পেশাদার ম্যানেজার নিয়োগ করা হলে জবাবদিহিতার

জায়গা থাকে। অ্যামেচার সিস্টেমে সেটা থাকে না।

 স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দলের জন্য বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় দলের ম্যানেজার নিয়োগ করা হবে। এই সভায় সভাপতিত্ব করেন কাজী সালাহউদ্দিন। সভার পর বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ম্যানেজার নিয়োগ করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পেশাদার ম্যানেজার নিয়োগ করা হলে জবাবদিহীতার জায়গা থাকে। অ্যামেচার সিস্টেমে সেটা থাকে না।’

শুধু ফুটবল দলের ম্যানেজারই নয় একই সঙ্গে কর্মকাণ্ড পরিচালনার জন্য একজন যুগ্ম সাধারণ সম্পাদক নিয়োগ করা হবে। বাফুফের বর্তমান সাধারণ সম্পাদকের পরেই দায়িত্ব পালন করবেন যুগ্ম সম্পাদক।

ফুটবল ম্যানেজার পদটি মোহামেডান বা আবাহনীর কোনো না কোনো কর্মকর্তা বছরের পর বছর দায়িত্ব পালন করেছেন। গত দুই-তিনটি আসরে মোহামেডান আবাহনীর বাইরে থাকা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া বছরের পর বছর মোহামেডান আবাহনীর দখলেই ছিল জাতীয় দলের ম্যানেজার পদ। এই পদ নিয়ে অনেক সমালোচনা হয়েছে ফুটবল অঙ্গনে। দুটি ক্লাব ছাড়া আর কোনো ক্লাব হতে জাতীয় দলের ম্যানেজার পদটি দেওয়া হতো না।

যারা দায়িত্ব পালন করেছেন তারাও সমালোচনা হতে বাইরে বেরিয়ে আসতে পারেননি। কোনো না কোনোভাবে  সমালোচিত হয়ে আসছেন। দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেননি। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনও সব শুনতেন। কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারতেন না। এত বছর পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ করা হলে সমালোচনা কম হবে। সালাম মুর্শেদীর কথা সেটি আরো স্পষ্ট হলো যখন তিনি বললেন, ‘ম্যানেজার জবাবদিহীতার মধ্যে থাকবে। 

করোনায় ফুটবল লিগ

করোনার মধ্যে ফুটবল চলছে। সরকার থেকে ঈদের পর কঠোর বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করা আছে। ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবত্ থাকবে। এই সময়টায় প্রিমিয়ার লিগের খেলা চলবে কি না তা নিয়ে একটা প্রশ্ন আছে। বাফুফে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে। ক্লাবগুলো অনুশীলনের মধ্যে রয়েছে। খেলাটা যদি চলমান রাখা যায় তাহলে লিগের খেলাগুলো সময় মতো শেষ করে পরবর্তী টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে কালকের সভা শেষে জানানো হয়।

শীত মৌসুমে লিগ আয়োজনের ভাবনা

এর আগেও একবার শীত মৌসুমে প্রিমিয়ার ফুটবল লিগ আয়োজনের কথা বলে সেটি করতে পারেনি বাফুফে। আবারও শীত মৌসুমে লিগ আয়োজনের কথা বলল বাফুফের লিগ কমিটি। জাতীয় দলের ম্যানেজার এবং যুগ্ম সম্পাদক নিয়োগের বিষয়টি ছাড়া গতকালকের সভায় অন্য কোনো সিদ্ধান্ত হয়নি। সভা মুলতবি করা হয়েছে। ঈদের পর সভায় আলোচনা হবে ফিফার কোভিড ফান্ড পাওয়ার পর কীভাবে সেটি বিতরণ করা হবে।