লিভিংস্টোনের রেকর্ড ছাপিয়ে পাকিস্তানের জয়

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:০৪

স্পোর্টস ডেস্ক

ওয়ানডেতে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছেও হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। টি-২০ তে নামতেই দুর্বার পাকিস্তান। নটিংহ্যামে আগুনে ব্যাটিংয়ের এক ম্যাচে ইংল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে বাবর আজমের দল। সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। আজ লিডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

নটিংহ্যামের উইকেট ছিল রান সহায়ক। দুই দলের ব্যাটসম্যানরা মেতে উঠেন রান উত্সবে। টি-২০-র পূর্ণ বিনোদন পেল ক্রিকেটপ্রেমীরা। খুনে ব্যাটিংয়ে দুই দল মিলে হাঁকিয়েছে ২৭ ছক্কা। ব্যক্তিগত বড় প্রাপ্তি ছিল লিয়াম লিভিংস্টোনের। ২ রানে জীবন পেয়ে তিনি গড়লেন ইংল্যান্ডের হয়ে টি-২০ তে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ড। কিন্তু তারপরও পেরে উঠেনি স্বাগতিকরা।

টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান ৬ উইকেটে ২৩২ রান তুলেছিল। যা এ ফরম্যাটে তাদের দলগত সর্বোচ্চ রানের রেকর্ড। ওপেনিংয়ে রিজওয়ান-বাবর আজম ১৫০ রানের জুটি গড়েন।