তদন্তে প্রাধান্য পাবে ১০ বিষয় :সিআইডি

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:১০

রূপগঞ্জে হাশেম ফুড্স লিমিটেডের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ বিষয়ে প্রাধান্য দিয়ে তদন্ত করা হবে। গুরুত্বপূর্ণ আলামত ও সাক্ষ্য নিয়ে শিগগিরই তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে। মাঠ পর্যায়ে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সেজান জুস কারখানার ভস্মীভূত ভবন পরিদর্শন শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ইমাম হোসেন এ কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তি সরকারসহ অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইমাম হোসেন আরো বলেন, তদন্তের কাজ দ্রুতই শেষ করে সর্বজন গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরি করা হবে। তবে মানসম্মত তদন্ত প্রতিবেদন করতে একটু সময় দিতেই হবে। এ ঘটনায় ফায়ার ব্রিগেড ও জেলা প্রশাসন পৃথকভাবে তদন্ত করবে। ভবন নির্মাণের ক্ষেত্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিল্ডিং কোড অনুসরণ করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হবে। এ দুর্ঘটনা কেন এবং কীভাবে ঘটেছে তার কারণ বের করতে হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আতাউর রহমান। আগুনের ঘটনায় কারো কাছে কোনো তথ্য কিংবা ভিডিও ফুটেজ থাকলে সিআইডির কাছে জমা দেওয়ার আহ্বান জানান তিনি ।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিকালে সেজান জুস কারখানায় আগুন লাগে। এতে প্রাণ হারান ৫২ শ্রমিক। এ ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও সিআইডিসহ একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। পরে পুলিশ বাদী হত্যা মামলা দায়ের করলে ঐ দিনই সজীব গ্রুপের চেয়ারম্যান হাশেমসহ আট জনকে গ্রেফতার করা হয়। তাদের দুই জন জামিনে রয়েছেন।