ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী ১ কোটি মাস্কসহ ২ হাজার অক্সিজেন সিলিন্ডার, ২০০ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, ২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটর বিতরণ এবং বিভিন্ন হাসপাতালে অক্সিজেন বুথ স্থাপন কার্যক্রম শুরু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহস্পতিবার মতিঝিলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, এফবিসিসিআইয়ের এ কার্যক্রমের মাধ্যমে ‘মানুষ মানুষের জন্য’ এ বার্তা বয়ে আনবে। সালমান এফ রহমান বলেন, এফবিসিসিআই সবগুলো জেলা চেম্বারের সঙ্গে সম্পৃক্ত। তাই এফবিসিআইয়ের অনেক ভূমিকা আছে। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা সৃষ্টি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার।
