গরুবাহী ট্রাক নির্বিঘ্নে যাতায়াতে সহযোগিতা করুন

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:১২

ট্রাক-কাভার্ড ভ্যান মালিক

সমিতির দাবি

 

বিশেষ প্রতিনিধি

গরুবাহী ট্রাককে নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল তেজগাঁও ট্রাক টার্মিনালে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে  আয়োজিত এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী ট্রাক ছিনতাইয়ের সময় এক ড্রাইভার ও এক গরুর ব্যাপারীকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি  জানান।

সভায় নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহায় বিশেষ করে মাওয়া-কাওড়াকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে অসংখ্য গরুবাহী ট্রাক যানজটের মধ্যে আটকে থাকে। নেতৃবৃন্দ গরুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান এবং সড়ক-মহাসড়ক নিরাপত্তার কাজে নিয়োজিত হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ গরুবাহী ট্রাককে যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে তার ব্যবস্থা করার জন্য দাবি জানান।

মৌসুমি চাঁদাবাজরা যাতে গরুবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার। বক্তব্য রাখেন, সমিতির কার্যকরী সভাপতি এস এম বখতিয়ার, সহসভাপতি খবির উদ্দিন আহম্মেদ, সহসাধারণ সম্পাদক হাসানুল কবির হাসান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান ভুট্টু, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খানসহ অন্য নেতৃবৃন্দ।