রূপগঞ্জে ইজিবাইক চালককে অপহরণ থানায় মামলা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:১২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

অবশেষে গন্ধর্বপুর এলাকার দরিদ্র মেধাবী ছাত্র ও ইজিবাইক চালক মমিন মিয়াকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় মামলা রুজু হয়েছে থানায়।  ইত্তেফাকে গতকাল এ বিষয়ে সংবাদ প্রকাশের পর একই দিন পুলিশ এ উদ্যোগ নেয়। ‘পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ আদায়, থানা মামলা নেয়নি চার দিনেও’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং মমিনের ভাইয়ের দায়েরকৃত অভিযোগ থানায় মামলা হিসেবে রুজু করা হয়। জানা গেছে, আহত মমিন মিয়া ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থা সংকটাপন্ন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, সুষ্ঠু তদন্ত করেই অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে। আসামিরা যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না।  উল্লেখ্য, গত ১৩ জুলাই ভুলতা থেকে ইজিবাইকসহ বাড়ি ফেরার পথে এক দল সন্ত্রাসী মমিন মিয়াকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে।