শিশুকে ধর্ষণচেষ্টা
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন সন্তানের জনক এক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে গ্রাম্য সালিশে অভিযুক্ত আয়নাল হোসেনকে মাদবরদের উপস্থিতিতে ক্ষিপ্ত হয়ে জুতাপেটা করেছে তারই দ্বিতীয় স্ত্রী। বৃহস্পতিবার সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডিঙ্গি গ্রামে এমনটি ঘটে। অসহায় শিশুটির মা ও বাবা জানান, গত বুধবার দুপুরে তারা কেউ বাড়িতে ছিলেন না। শিশুটি ছিল বাড়িতে একা। এ সুযোগে পাশের বাড়ির আয়নাল তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘর থেকে বের হয়ে শিশুটি চিত্কার করলে জানাজানি হয় এবং মেয়ের কাছ থেকে তারা সব কিছুই জানতে পারেন।
শিশুটির মা-বাবা আরো জানান, ‘এ ব্যাপারে ঐ রাতেই পুলিশ এসে সব কিছুই জেনে গেছে। পর দিন বিচারে আয়নাল তার দোষ স্বীকার করেছে। তার স্ত্রী তাকে জুতাপেটা করেছে। গ্রামের মাদবররা যা বিচার করে দিয়েছে তাই মেনে নিয়েছি।’
থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, ধর্ষণচেষ্টার বিষয়ে শিশুটির অভিভাবক অভিযোগ দিয়ে পরে আর আসেননি। তাই মামলা হয়নি। তারা চাইলে, মামলা নেওয়া হবে। জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, ধর্ষণ চেষ্টার কথা তিনি শোনেনি। তবে শিশুটিকে কোলে নেওয়ার অভিযোগে সালিশে আয়নালকে তার স্ত্রী সবার সামনেই জুতাপেটা করেছে।
