প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা জরুরি

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:১৪

সরকার ঘরহীনকে ঘর কর্মহীনের কাজের ব্যবস্থা করে থাকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষ্যে ১ লাখ ২৩ হাজার গৃহহীন মানুষকে ঘর উপহার দিয়েছে। সত্যিকার অর্থেই এটা প্রশংসনীয়। এছাড়াও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন খাতে সরকার কোটি কোটি টাকা প্রণোদনা দিচ্ছে। কিন্তু কতটুকু বাস্তবায়ন হয় সেটাই প্রশ্ন। গৃহহীনদের ঘর দেওয়া ৩৯টি প্রকল্পে দুর্নীতি প্রকাশ পেয়েছে। যার মধ্যে অধিকাংশ গৃহ নির্মাণের ক্ষেত্রে ভিটেতে ঠিকমতো মাটি দেওয়া হয়নি। ঠিকভাবে প­াস্টার করা হয়নি এবং রডের বদলে বাঁশ দেওয়াসহ প্রচুর অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। কথা হলো—ওএসডি কি পূর্ণাঙ্গ সমাধান? অহরহ দুর্নীতি হচ্ছে। দুর্নীতিবাজরা পার পেয়েও যাচ্ছে। করোনা মহামারিতে সরকার যে প্রণোদনা দিয়েছে সেখানেও লাগামহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেক বড় বড় অর্জনকে ম্লান করতে এসব দুর্নীতি যথেষ্ট। প্রকৃতঅর্থে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা উচিত। পাশাপাশি মেয়াদি প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ করার ওপর তত্পর হতে হবে। অধিকাংশ প্রকল্প বেঁধে দেওয়া সময়ে বাস্তবায়ন হয় না। যার ফলে অতিরিক্ত টাকা ঐ প্রকল্পের জন্য বাজেট দিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন প্রকল্প বাস্তবায়নে আমাদের সততা, সত্ ইচ্ছে এবং দায়িত্বশীলদের সুষ্ঠু তদারকি অতি জরুরি। স্বাধীনতার ৫০ বছরে আমরা দেশকে শুধুই এগিয়ে নিতে চাই। আর সেজন্য দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি কঠিন হাতে দমন করলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত।

মো. সায়েদ আফ্রিদী

উদ্ভিদবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ