রূপগঞ্জে অগ্নিকাণ্ড
ইত্তেফাক রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। গত ৮ জুলাই ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২টি জীবনের প্রাণহানি ঘটে। এই ঘটনায় গভীরভাবে শোক জানিয়েছেন বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন। এক প্রতিক্রিয়ায় উল্লেখ করেছেন, করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় সংঘটিত কতিপয় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে মূল্যবান প্রাণহানি ঘটেছে।
বিটিএমএ অত্যন্ত উদ্বোগের সঙ্গে লক্ষ্য করছে যে, উক্ত অগ্নিকাণ্ডের পর দেশি-বিদেশি মহল এ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে দেশের শিল্প খাতে বিরাজমান শান্তিশৃঙ্খলাকে বিনষ্ট করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। কতিপয় ব্যক্তি অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে দেশে-বিদেশে প্রচার করে আমাদের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভাবমূূর্তি নষ্টে লিপ্ত রয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরো উল্লেখ করেন, আমরা আরো লক্ষ্য করছি যে, শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও শিল্পের অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট দেশীয় কতিপয় কর্তৃপক্ষ যাদের প্রতিনিয়ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর তদারকি বা মনিটরিং করার দায়িত্ব তারা উক্ত অগ্নিকাণ্ডের ঘটনার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করে আসছেন। আমরা মনে করি, এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুকৌশলে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের দায়মুক্তির চেষ্টা করছেন। এই অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হবে বলে তিনি মনে করেন।
