স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর রাজপাড়ার থানার নিমতলা মোড়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ হামলা চালিয়ে ব্যবসায়ীদের মারপিট করে গুরুতর আহত ও টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের গ্রেফতার ও মারপিটের প্রতিবাদে শনিবার বেলা ১০টায় নিমতলা মোড়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন। এ সময় তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান।
মানববন্ধন থেকে ব্যবসায়ী পিন্টু, সিদ্দিক, জাহিদ, সিরাজুল ইসলাম, রুবেল, শরীফুল, কাশেম, কাজল, বাক্কার, রকি, আফজাল, নয়ন ও সবুজসহ আরো অনেকে বলেন, নিমতলা (ঘোষ মহালপাড়া) থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল নিয়ে এসে সন্ত্রাসীরা দোকানদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ফল ব্যবসায়ী তাইজুলকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে। এসময়ে তাকে মাথায় এবং হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাইজুল বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন আছেন। তার অবস্থা ভালো নয় বলে জানান তারা।
ব্যবসায়ী সিদ্দিকসহ আরো অনেকে বলেন, শুধু মারপিট করে আহত নয়, তাইজুলের কাছ থেকে ৫০ হাজার টাকা, সাদ্দাম হোসেন কাছ থেকে ২ লাখ টাকা এবং নাইম ইসলামের কাছ থেকে ১৩ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয় বলে তারা দাবি করেন।
এদিকে রাজপাড়া থানা পুলিশের টহল দল মানববন্ধনকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় এএসআই মামুন ব্যবসায়ীদের দোকান খুলে ব্যবসা করার কথা বলেন। সেই সঙ্গে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না বলে জানান তিনি। এছাড়া এই সন্ত্রাসীদের রুখে দিতে তাত্ক্ষণিক একটি প্রতিরোধ কমিটি গঠন করেন এবং এখানকার সার্বিক বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জকে জানিয়ে ব্যবস্থা নেবেন বলে ব্যবসায়ীদের আশস্ত করেন মামুন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। কিন্তু ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান এই কর্মকর্তা।
