দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরোপ্রধান মিজানুর রহমান তোতা আর নেই

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩:০৮

যশোর অফিস

দৈনিক ইনকিলাব পত্রিকার যশোর ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা মিজানুর রহমান তোতা (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার সকাল ৭টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৩ জুলাই তিনি করোনায় আক্রান্ত ও ব্রেনস্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিত্সক আরিফুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিক মিজানুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া তার মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছিল। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর শহরের পালবাড়ি জামে মসজিদে জানাজা শেষে খয়েরতলায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে। মিজানুর রহমান তোতা প্রায় ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন। এর মধ্যে একটানা ৩৫ বছরই তিনি কাজ করেছেন দৈনিক ইনকিলাবে। তিনি একাধিকবার প্রেসক্লাব যশোরের সভাপতি, সম্পাদক এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।