করোনাকালে দ্বিতীয় হজ, তাওয়াফে মুখরিত পবিত্র কাবা চত্বর

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩:২৩

হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীদের জমায়েতে হতে শুরু করেছেন হজযাত্রীরা। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে-‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক’। করোনা মহামারির মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ। গত বছরও হজ পালনের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। এবারও লোকজনকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই হজ পালন করতে হবে।

আরব নিউজ ও আল আরাবিয়া’র খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরের কোনো হজযাত্রীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এ বছর সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন। গতবারও বিধি-নিষেধের মধ্যেই হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল। ফলে যে পাঁচদিন হজের আনুষ্ঠানিকতা ছিল তার মধ্যে কারও দেহে করোনা সংক্রমণ ঘটেনি। গত বছরের এই সফলতার কারণে এবারও সীমাবদ্ধতার মধ্যেই হজ পালনের নির্দেশ               দেওয়া হয়েছে। জানা গেছে, বাসে করে লোকজন মক্কার মসজিদুল হারামে জড়ো হতে শুরু করেছেন এবং তাওয়াফ করছেন। হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম আল সায়েদ এএফপিকে বলেন, প্রতি তিন ঘণ্টায় ৬ হাজার হজযাত্রী তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন। অতিরিক্ত সতর্কতা হিসেবে একটি গ্রুপ তাওয়াফ শেষ করার পরেই ওই স্থান জীবানুমুক্ত করা হচ্ছে। গ্রীষ্মের প্রচন্ড তাপ ও রোদ থেকে (গতকাল মক্কায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস) রক্ষা পেতে অনেক হজযাত্রীকেই ছাতা বহন করতে দেখা গেছে।

হজের প্রাথমিক কার্যক্রম হিসেবে হাজিরা ইতিমধ্যে কাবার তাওয়াফ (তাওয়াফ কুদুম) শুরু করেছেন। এরপর তারা সাফা-মারওয়া সায়ি করছেন। আজ রবিবার তারা মিনা প্রাঙ্গণে অবস্থান করবেন। এরপর আগামীকাল সোমবার তারা ১০ কিলোমিটার দূরের আরাফা প্রাঙ্গণে উপস্থিত হবেন। হজের গুরুত্বপূর্ণ রোকন উকুফে আরাফা তথা আরাফার ময়দানে উপস্থিত। রাতে মিনা-আরাফাতের মধবর্তী মুজদালিফায় অবস্থান নেবেন হাজীরা। মঙ্গলবার মিনায় গিয়ে জামরাতে পাথর নিক্ষেপ, কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে হাজীরা ইহরাম থেকে মুক্ত হবেন। এই বছর মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা আরাফাতের দিনে হজের খুতবা দিবেন।

২০১৯ সালে ২৫ লাখের বেশি লোক হজ পালন করলেও এ বছর সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার লোক হজ পালন করতে পারছেন। মাত্র ১০ দিনে অনলাইনে সাড়ে পাঁচ লাখ আবেদনের মধ্যে লটারির মাধ্যমে মাত্র ৬০ হাজার লোককে নির্বাচন করা হয়। এবারে হজে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সী হজযাত্রীদের নির্বাচন করা হয়।