রাজধানীতে অস্ত্রসহ এক জন গ্রেফতার

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০০:২৭

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকা থেকে অস্ত্রসহ শিপলু আহম্মেদ ওরফে সোলায়মান শিপলু (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৪। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে শিপলুর কাছ থেকে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি ছুরি ও ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন  র্যাব-৪-এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিপলুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে নানা সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। ছিনতাই, জমি দখল, মাদকের কারবার ও কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য সে। দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে এলাকায় মহড়া দিত এবং অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করত। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে মারধরসহ গুরুতর জখম করে টাকা আদায় করত শিপলু। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।