ইভ্যালি, আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে বিকাশে লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিকাশ কর্তৃপক্ষ গতকাল শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে সাময়িকভাবে এ সেবা বন্ধ করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, নিডস, কিউকম, আলাদিনের প্রদীপ, আদিয়ান মার্ট ও বুম বুম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিকাশের কর্মকর্তারা জানান, সাময়িকভাবে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পেমেন্টে গেটওয়ে সেবা বন্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। রেগুলেটরি নীতিমালা অনুযায়ী পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের পর পুনরায় বিকাশ পেমেন্ট সেবা চালু হবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ জুন এই ১০ প্রতিষ্ঠানের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটা-সংক্রান্ত চুক্তি বাতিল করে ব্র্যাক ব্যাংক। ২৩ জুন ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক এবং ২৪ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও গ্রাহকের স্বার্থের কথা বলে একইভাবে ঐ সব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্ড ব্যবহার স্থগিত করে।
