করোনায় মৃত্যু থেকে ৯৯ শতাংশ সুরক্ষা দিচ্ছে টিকা :গবেষণা

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০০:২৯

কোভিড-১৯-এর টিকা নেওয়ার পর তাদের স্বাস্থ্যঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম। করোনার ডেলটা ধরনে আক্রান্ত হওয়ার পর মৃত্যু থেকে ৯৯ শতাংশ সুরক্ষা দিচ্ছে টিকা। করোনার ধরন অতিসংক্রামক কিংবা শক্তিশালী হলেও এই সুরক্ষা পাওয়া যাবে। পুনেভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকদের একজন ডা. যাদব বলেন, এই মুহূর্তে বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের জন্য ডেলটা ধরনই দায়ী। কিন্তু আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, টিকা নিলে তা রোগীকে ৯৯ শতাংশ সুরক্ষা দিতে পারে। মার্চ ও জুনের মধ্যে করা এই গবেষণায় মহারাষ্ট্র থেকে ৫৩টি, কর্নাটক থেকে ১৮১টি এবং পশ্চিমবঙ্গ থেকে ১০টি নমুনা নেওয়া হয়েছে। প্রতিটি পজিটিভ নমুনায় জেনেটিক সিকোয়েন্সে ডেলটা ধরন পাওয়া গেছে।

এনআইভির এই গবেষক বলেন, আক্রান্তদের মাত্র ৯ শতাংশকে হাসপাতালে চিকিত্সা নিতে হয়েছে। আর মৃত্যু হয়েছে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশের। টিকার একটি কিংবা দুটি ডোজ নেওয়ার পরেও মানুষ কেন করোনায় আক্রান্ত হচ্ছে, তা জানতে এ পর্যন্ত সবচেয়ে বড় গবেষণাটি করেছে এনআইভি। গবেষণার অংশ হিসেবে করা জেনোম বিশ্লেষণে অধিকাংশ নমুনায় ডেলটার ধরনের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া আলফা, কাপ্পা, ডেলটা এওয়াই ডট১ এবং ডেলটা এওয়াই ডট২ ধরনও দেখা গেছে নমুনায়।

টিকা নেওয়ার পরেও করোনার ঘটনাকে ‘বুহ্যভেদী সংক্রমণ’ বলে আখ্যা দেওয়া হয়েছে। গবেষণাটি এখনো পিয়ার রিভিউ করা হয়নি।

এই গবেষণায় তুলনামূলক কম বয়সিদের গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণা চালানো ৪৪ শতাংশের বয়স ছিল ৩১ থেকে ৫৬ বছর। আর ৬৫ শতাংশই পুরুষ।