আনসার আল ইসলামের নেতা গুনবী রিমান্ডে

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০০:৩৩

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কথিত ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবী ওরফে হাসানকে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। গতকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

গতকাল গুনবীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তার আইনজীবী ফারুক হোসেনসহ কয়েক জন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন মুখ্য মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দীন খান হিরন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে হাসান গুনবীকে গ্রেফতার করে র্যাব। পরে শাহ আলী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।