ওবামার ‘ড্রিমার’ কর্মসূচির পথ বন্ধ করে দিলেন বিচারক

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১:১০

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) কর্মসূচিতে নতুন আবেদন আটকে দিয়েছেন টেক্সাসের একজন বিচারক। শুক্রবার ইউএস ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড্রু হ্যানেন এই নির্দেশ জারি করেন। ডিএসিএ কর্মসূচিতে যারা আবেদন করে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পান সাধারণত তাদের ‘ড্রিমার ইমিগ্রেন্টস’ বলা হয়। ২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন এই অভিবাসন কর্মসূচি চালু করেন। এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে শিশু বয়সে যাদের আনা হয়েছিল, তারা প্রাপ্তবয়স্ক অবস্থায় দেশটি থেকে বহিষ্কার হওয়া এড়াতে পারেন। বিচারক হ্যানেন তার আদেশে ওইসব রাজ্যের পক্ষে অবস্থান নেন যারা এই কর্মসূচির সমাপ্তি ঘোষণার জন্য মামলা চালাচ্ছে।