ইরানে পানিসংকটের প্রতিবাদে বিক্ষোভে গুলিতে এক জন নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১:১১

ইরানে পানির সংকটের প্রতিবাদে গত দুই রাত ধরে চলা বিক্ষোভের দ্বিতীয় রাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক তরুণ। অস্ত্রধারী বিক্ষোভকারীদের গুলিতেই ঐ তরুণ নিহত হয়েছেন বলে শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ। এবার ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক খরার মোকাবিলা করছে ইরান। এতে কৃষি ও খামার  ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং  মানুষের দৈনন্দিন জীবন সংকটে পড়েছে, পাশাপাশি অনেক এলাকায় বিদ্যুত্ সরবরাহে বিঘ্ন ঘটছে। এসব কারণে দেশটির তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখা দিয়েছে। শাদেগান শহরের প্রধান ওমিদ শাবরিপুর আইআরএনএকে বলেন, ‘মিছিল চলার সময় দাঙ্গাকারীরা লোকজনকে উত্তেজিত করতে ফাঁকা গুলি ছোড়ে দুর্ভাগ্যজনকভাবে এ সময় একটি গুলি ঘটনাস্থলে থাকা এক জনের গায়ে লাগলে তিনি মারা যান।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে বিক্ষোভকারীদের টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করতে দেখা গেছে। গুলির শব্দ পাওয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে এমনটাও দেখা গেছে ভিডিওতে। বিক্ষোভকারীরা এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে ‘স্বৈরাচারের মৃত্যু হোক’ স্লোগান দেয়।