পথখাবার মানে হাতের খুব কাছে পাওয়া মজাদার খাবার। পথে যাতায়াতের সময় এ ধরনের খাবার বিক্রির দৃশ্য আমাদের চোখে পড়ে। এক হিসাব অনুযায়ী দেখা গেছে, প্রতিদিন ৬০ লাখ মানুষ ঢাকায় পথখাবার খেয়ে থাকেন। এ ধরনের পথখাবারে থাকে প্রচুর জীবাণু। এর প্রধান কারণ বিক্রেতার অসচেতনতা। ফুটপাতে বসে খাবার বিক্রির কারণে ধুলোবালি, রোগ-জীবাণু সহজেই মিশে যাচ্ছে খাবারের সঙ্গে। পাশাপাশি হাত পরিষ্কার না করে খাবার তৈরি করা হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, ফুটপাতের ৫৫ ভাগ খাবারে জীবাণু রয়েছে। আর ৮৮ ভাগ বিক্রেতার হাতে জীবাণু। ঢাকা শহরের বিভিন্ন এলাকার স্কুলের সামনে ঝালমুড়ি, ফুচকা ও আচারে রয়েছে কৃত্রিম রং, ইস্ট, কলিফর্ম, মাইকোটক্সিন, সিসার মতো শরীরের জন্য মারাত্নক ক্ষতিকর উপাদান। বছরের নির্দিষ্ট কিছু সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও সারা বছর এটা দেখভালের কেউ থাকে না। পথখাবারের জীবাণু রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন।
শামীম শিকদার
ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর
