রেজানুর রহমানের ‘করোনাকালের ভালোবাসা’

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২০:১৩

 বিনোদন রিপোর্ট

 

নিয়মিত নাটক নির্মাণ না করলেও দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন সাংবাদিক ও নির্মাতা রেজানুর রহমান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও ‘করোনাকালের ভালোবাসা’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন তিনি। ঈদের আগের দিনের সন্ধ্যা মানেই অন্যরকম অনুভূতি, কারণ রাত পোহালেই ঈদ। সেই আনন্দ-অনুভূতির সন্ধ্যাকে নতুনমাত্রা দিতে হাজির হন রেজানুর রহমান। প্রতিবছরই ঈদের আগের দিন সন্ধ্যায় চ্যানেল আইতে প্রচারিত হয় তার নাটক। রেজানুর রহমানের এবারের নাটকে অভিনয় করেছেন সুমনা সোমা, শাহেদ আলী সুজন, মোহাম্মদ বারী, রওনক বিশাকা শ্যামলী, রাজু আলীম, কাজী প্যারিস, মিন্টু সরদার, পৃথিয়া, হাসিবসহ অনেকে। নাটকটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রেজানুর রহমান বলেন, ‘এই করোনাকালে দেশের মানুষের প্রকৃত অবস্থার একটা ছোট্ট চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমার এই নাটকটিতে। পাশাপাশি বাসায় থাকা দুজন শিক্ষকের জীবনের গল্প উঠে আসবে নাটকটিতে।’ নাটকটির গল্প প্রসঙ্গে তিনি আরো জানান, দু’জন শিক্ষকের পরিবারের গল্প এটি। একজন সরকারি স্কুলের, অন্যজন বেসরকারি স্কুলের। করোনার কারণে দেড় বছর ধরে স্কুল বন্ধ। সরকারি স্কুলের শিক্ষক আকরাম সাহেব নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। কিন্তু বেসরকারি স্কুল শিক্ষক রাশেদ দেড় বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। তার আর্থিক অবস্থা খুবই কাহিল। অথচ সেই রাশেদ প্রায় প্রতিদিনই তার স্কুলের ছাত্রছাত্রীদের খোঁজে তাদের বাসা-বাড়িতে চলে যান। স্ত্রীর ব্যাগ থেকে টাকা সরিয়ে, হাতের ঘড়ি বিক্রি করে অথবা প্রতিবেশীর কাছে টাকা ধার করে ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা করেন। এসব ঘটনা নিয়ে স্ত্রীর সঙ্গে শিক্ষক রাশেদের দ্বন্দ্ব শুরু হয়। কোরবানির ঈদের গরু কেনাকে কেন্দ্র করে সেটি আরো প্রকট হয়ে ওঠে। তারপর গল্পে ঘটতে থাকবে বিভিন্ন ধরনের বেশকিছু স্পর্শকাতর ও রুদ্ধশ্বাস ঘটনা।