বিনোদন রিপোর্ট
বিটিভির ঈদের অনুষ্ঠান ‘সম্পর্ক’ এবার পারিবারিক গল্প নিয়ে নতুন সাজে সাজানো হয়েছে। আগের ঈদগুলোতে ‘সম্পর্ক’তে দেখা গেছে শিল্পীদের ভাই-বোন, দেবর-ভাবি, মামা-ভাগ্নের মধ্যকার সম্পর্ক নিয়ে আড্ডা। তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ ঘটছে। কারণ এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে অনেকটাই ভিন্নধাঁচে। মোমরেজের সঞ্চালনায় এবারের বিশেষ ‘সম্পর্ক’ অনুষ্ঠানটিতে বেয়াই-বেয়াইনের পারিবারিক গল্প দেখা যাবে। এতে অতিথি হিসেবে নিজেদের বেয়াই-বেয়াইন নিয়ে স্টুডিওতে হাজির হবেন বক্তা-সংগঠক ছন্দা মাহজাবিন ও তার বেয়াইন অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী। আরো উপস্থিত থাকবেন নিজেদের বেয়াই-বেয়াইন নিয়ে আজিজুল হাকিম-জিনাত হাকিম দম্পতি। এছাড়া অতিথির আসনে থাকছেন নাট্যজন রহমতউল্লাহ-ওয়াহিদা মল্লিক জলি দম্পতি এবং অভিনেতা আমিরুল হক চৌধুরী ও খায়রুল আনাম সবুজ। অনুষ্ঠানটি প্রসঙ্গে সঞ্চালক মোমরেজ বলেন, ‘বরাবরই এই আয়োজনটি দর্শকরা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করে থাকেন। সেই বিষয়টি মাথায় রেখে এবারো আমরা চেষ্টা করেছি পারিবারিক সম্পর্কগুলোকে একটু ভিন্নভাবে সবার সামনে তুলে ধরতে। এবারে বিষয়টি আরো মজার ও স্পর্শকাতর। অতিথিদের সঙ্গে আড্ডার পাশাপাশি নাচ ও গান পরিবেশনাও থাকছে অনুষ্ঠানটিতে। আশা করছি দর্শকদের অন্যরকম আনন্দ জোগাবে অনুষ্ঠানটি।’ আনজীর লিটনের পরিকল্পনা ও চিত্রনাট্যে এবারের ‘সম্পর্ক’ প্রযোজনা করেছেন আবু তৌহিদ। অনুষ্ঠানটি বিটিভিতে ২২ জুলাই সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে।
