বিনোদন রিপোর্ট
প্রতিবারের মতো এবারো বর্ণিল আয়োজনে নিজেদের অনুষ্ঠামালা সাজিয়েছে বিটিভি। অনুষ্ঠানমালায় থাকছে নাটক, গান, নাচসহ বিভিন্ন শো। সেই তালিকায় রয়েছে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে ৪টি আড্ডার অনুষ্ঠান। জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘সেলিব্রেটি আড্ডা’। এতে ড্যানি সিডাকের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘প্রাণবন্ত একটি আড্ডা হয়েছে। অনুষ্ঠানটিতে সবাই মন খুলে কথা বলেছি। আশা করছি দর্শকরাও আমাদের আড্ডা অনুষ্ঠান দেখে অন্যরকম আনন্দ পাবেন।’
এছাড়া ঈদের দিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে ক্রীড়া অঙ্গনের তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘কথার মাঠে’। এতে অংশ নিয়েছেন জাবেদ ওমর বেলিম, জামাল ভূঁইয়া, জাহানারা আলম, মাবিয়া আক্তার সীমান্ত ও মারজানা আক্তার প্রিয়া। মাহফুজার রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা।
ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে রিয়েল লাইফ আড্ডামূলক অনুষ্ঠান ‘এসব আমাদের গল্প’। নূর আনোয়ার রঞ্জুর প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন সায়েম সাদেক ও মৌসুমী মৌ।
ঈদের ৩য় দিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে ফানবিষয়ক আড্ডা অনুষ্ঠান ‘রঙ্গ কথা’। মোকলেছুর রহমান খানের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন অর্চি রহমান ও ইমতু রাতিশ।
