স্পোর্টস রিপোর্টার
ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে আগামী ২১ নভেম্বর। আগের ষষ্ঠ আসরের তুলনায় এবার সপ্তম আসরে বেশ পরিবর্তন এসেছে বিসিএলে। ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক এই টুর্নামেন্টে এবার দল গঠন হয়েছে প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে। যে পদ্ধতি অতীতে ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে দেখা গিয়েছিল।
সারা দেশকে ওয়ালটন মধ্যাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল নামে চারটি অঞ্চলে ভাগ করা হয় বিসিএলে। দলগুলোর মাঝে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই নাকি প্লেয়ার্স ড্রাফট করা হয়েছে। প্রতিটি দল ছয় জন করে ক্রিকেটার ধরে রাখতে পেরেছে আগের আসর থেকে। গতকাল মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট।
তবে হুট করে এই পদ্ধতি চালু করায় অসন্তোষ রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের মাঝে। কারণ গত ১৫ নভেম্বর মিটিং করে প্লেয়ার্স ড্রাফটের কথা বলা হয় ফ্র্যাঞ্চাইজিদের। আগে নির্দিষ্ট অঞ্চলের ক্রিকেটাররা ওই অঞ্চলের দলে খেলতেন। নতুন পদ্ধতিতে নিজের অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলের দলে খেলতে হবে ক্রিকেটারদের।
ড্রাফট চলাকালীন আলোচনায় ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়টি। যদিও বিসিবি এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়নি। গত আসরেও ৪০ হাজার টাকা করে ম্যাচ ফি পেয়েছেন ক্রিকেটাররা। জাতীয় লিগের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে ম্যাচ ফি বাড়ানোর দাবি জানিয়েছেন ড্রাফটে উপস্থিত থাকা ক্রিকেটাররা। বিসিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট, রাজশাহী, বগুড়া, চট্টগ্রামে। ২১-২৪ নভেম্বর প্রথম রাউন্ডে সিলেটে গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলবে ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে। রাজশাহীতে বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল:
তুষার ইমরান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, আল-আমিন হোসেন, নূরুল হাসান সোহান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রকিবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন জুনিয়র, নাহিদুল ইসলাম, ফজলে মাহমুদ, মেহেদী হাসান, সাজেদুল ইসলাম, মনির হোসেন, সালমান হোসেন, দেলোয়ার হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও মেহেদী মারুফ।
ওয়ালটন মধ্যাঞ্চল:
সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শুভাগত হোম, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, নাজমুল হোসেন শান্ত, রবিউল হক, আব্দুল মজিদ, শহীদুল ইসলাম, জাকের আলী, আরাফাত সানি, মোসাদ্দেক হোসেন, সালাউদ্দিন শাকিল, সাইফ হাসান, শরীফউল্লাহ, ইয়াসিন আরাফাত, লিটন দাস, জাবিদ হোসেন ও তাসকিন আহমেদ।
বিসিবি উত্তরাঞ্চল:
জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, শুভাশীষ রায়, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান, শরীফুল ইসলাম, সাব্বির রহমান, ধীমান ঘোষ, তানবির হায়দার, সোহাগ গাজী, মোহর শেখ, এবাদত হোসেন, তানবির ইসলাম, মুক্তার আলী, আরিফুল হক ও তৌহিদ হূদয়।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল:
সাইফউদ্দিন, মুমিনুল হক, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, জাকির হাসান, আফিফ হোসেন, ফরহাদ রেজা, রনি তালুকদার, শামসুর রহমান, ইয়াসির আলী, তাসামুল হক, এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান, সাদিকুর রহমান, ইরফান হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও ইমরুল কায়েস।
