ভায়াডাঙ্গা-খাড়ামুড়া সড়ক বেহাল

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২০

যাতায়াতে দুর্ভোগ

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা-খাড়ামুড়া সড়ক সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের অভাবে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ পথে যাতায়াতকারী শত শত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, উপজেলার রানিশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার থেকে বিলভরট, মামলাকুচা, হালুয়াহাটি, বালিজুরি হয়ে খাড়ামুড়া পর্যন্ত এলজিইডির আওতাধীন প্রায় ৯ কিলোমিটার রাস্তা রয়েছে। গত দুই বছর আগে ভায়াডাঙ্গা বাজার থেকে বালিজুরি বাজার পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হলেও বালিজুরি বাজার থেকে খাড়ামুড়া পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা সড়ক আজো পাকা করা হয়নি। অভিযোগ উঠেছে, ভায়াডাঙ্গা বাজার থেকে বালিজুরি বাজার পর্যন্ত রাস্তায় বালুবোঝাই ট্রাক ট্রলি অবাধে যাতায়াতের কারণে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হালুয়াহাটি গ্রামের বাউল মিয়া, কনক মিয়া, বুলবুল মিয়া, জামাল উদ্দিন, আশ্রাফুল, মুন্নার, মিলন, মুসলিম উদ্দিন ও জজ মিয়াসহ আরো অনেকেই জানান, এ রাস্তায় অটোরিকশা চলাচল করলেও রাস্তায় খানাখন্দের সৃষ্টি হওয়ায় পথচারীদের একদিকে সময় অপচয় হচ্ছে, পাশাপাশি অতিরিক্ত অর্থও গুনতে হচ্ছে তাদের। তারা বলেন, পাঁচ টাকার ভাড়া ২০ টাকা দিতে হয়। এছাড়াও  সরু এ পথে একটি ট্রাক প্রবেশ করলে অন্য কোনো যানবাহনের অন্যপাশ দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। বর্তমানে রাস্তাটি সংস্কার সম্প্রসারণ ও পাকাকরণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাজারও মানুষের।

রানিশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বহুবার উত্থাপন করা হয়েছে। কিন্তু কোনো কাজে আসেনি। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইনের সঙ্গে কথা হলে তিনি বলেন, রাস্তাটি সংস্কার সম্প্রসারণ ও পাকাকরণের বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।