পানছড়িতে ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২১

খাগড়াছড়ি প্রতিনিধি ও পানছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে পানছড়ি-মাটিরাঙ্গা সড়কের মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) ঐ এলাকার পদ্মীনি পাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে। তিনি ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মরাটিলা এলাকার কমান্ডার ছিলেন।  পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারে মুখোমুখি সংঘর্ষে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহতের ভাই বিবলাল ত্রিপুরা জানান, খল কুমার এক সময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য ছিল। সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসে জুমচাষ ও কলা ব্যবসা করত।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর নামের ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, উপজাতীয় আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। লাশ সুরতহালের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।