ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
বিশ্ববিদ্যালয়ের বাসে একে একে বাড়ি ফিরেছেন পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার দ্বিতীয় ধাপে ক্যাম্পাস থেকে রাজশাহী ও রংপুর বিভাগের উদ্দেশ্যে পাঁচটি বাস ছেড়ে যায়। এর আগে গত শুক্রবার প্রথম ধাপে বিভিন্ন রুটে পাঁচটি বাস পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন দৈনিক ইত্তেফাককে বলেন, দুই দিনে অন্তত সাড়ে ছয়শ শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন সেবা দেওয়া হয়েছে। যাত্রাপথে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ বিষয়ে বলেন, শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছে পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে পারলেই আমাদের স্বার্থকতা।
