রাজশাহীতে প্রতারণা ও মানব পাচারের অভিযোগে গ্রেফতার ৩

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে প্রতারণা ও মানব পাচারের অভিযোগে কথিত কোম্পানির ভুয়া এমডি এবং জিএমসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার গভীর রাতে মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ রাজশাহীর অপারেশন দল তাদের গ্রেফতার করে। এরা হলেন, কথিত বিডি ফিড কোম্পানির এমডি, বগুড়া সদর থানার আবু তাহের ওরফে বাদশা বিন তাহের, একই কোম্পানির কথিত জিএম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার বিল্লাল হোসেন পলাশ ও তাদের সহযোগী, বগুড়ার গাবতলী থানার জিয়াউর রহমান। র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ল্যাপটপ, পেনড্রাইভ, জাল সিল, বিডি ফিড প্রোডাক্ট ক্যাটালগ, বিডি খামারি ফিড লিফলেট, বিডি খামারি ফিড খাম, ফাঁকা চেক, মোবাইল ও মেমোরিকার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় প্রতারণা ও মানব পাচার আইনে মামলা করা হয়েছে।