মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২২

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে এক দালালসহ পাঁচ জনকে আটক করেছে বিজিবি। রবিবার ভোরে সীমান্তবর্তী কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা নিজেদের বাড়ি বাংলাদেশে বলে দাবি করে। আর কুসুমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই তরুণীকে আটক করা হয়েছে। বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্তবর্তী কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে অনুপ্রবেশকারীদের আটক করে। আটককৃতরা হচ্ছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রদবাড়ি গ্রামের অরুণ সরকার, গোপালগঞ্জ সদর উপজেলার আড়ৈকংসুর গ্রামের বিবেক মজুমদার, কাঁঠালবাড়ী গ্রামের অনিল বিশ্বাস ও তার স্ত্রী অনিমা বিশ্বাস। এর সঙ্গে দালাল মহেশপুর উপজেলার  নোয়ানীপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলকেও আটক করা হয়। রবিবার সকালে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কুসুমপুর বিওপির টহল দল পিপুলবাড়ি গ্রাম থেকে জয়পুরহাটের তানজিলা আকতার ও খাদিজা আকতার বৃষ্টি নামের দুই তরুণীকে আটক করে। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।  মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতরা ভারতের নদীয়া জেলার বিভিন্ন স্থানে কাজ করতো। করোনার কারণে দালাল ধরে ফিরে আসে।