বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
বান্দরবান প্রতিনিধি বান্দরবানের দুটি সড়কে সোনালু, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন জাতের শোভাবর্ধনকারী ২৭ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি উদ্বোধন হয়েছে। রবিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জেলার কেরানীহাট সড়কের মেঘলা পর্যটন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি, পৌর মেয়র ইসলাম বেবী, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বাদশা মিয়া।
নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা দেলদুয়ারে দুস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রমুখ।
হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চারটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেছে জয়পুরহাট জেলা পরিষদ। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। এ সময় সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোহাম্মদ রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ
ইত্তেফাক ডেস্ক রবিবার বিভিন্ন স্থানে করোনাকালীন কর্মহীন অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
দেবীগঞ্জ (পঞ্চগড়) :দেবীগঞ্জ কলেজ মাঠে দেবীগঞ্জ পৌরসভার অন্তর্গত ১ হাজার ৪৪০ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রত্যয় হাসান উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন।
কাহারোল (দিনাজপুর) :উপজেলার ২ নম্বর রসুলপুর ইউনিয়নের আয়োজনে দুপুরে ইউনিয়ন ভবন মাঠে ১ হাজার ২৮৩টি পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।
কালীগঞ্জ (লালমনিরহাট) :সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাস, মিনিবাস, মাইক্রো ও ট্রাকের কর্মহীন ২৫০ জন পরিবহন শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
ফরিদপুর (পাবনা) :শনিবার ও রবিবার উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ১৪ হাজার ৭১ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন আরা জানান, চাল সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রতি ইউনিয়নে একজন করে কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গৌরনদী (বরিশাল) :উপজেলার বার্থী ইউনিয়নে ১ হাজার ৮৬৪ জন দরিদ্রের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। সকালে বার্থী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে এসব বিতরণ করা হয়।
দুস্থ ক্রীড়াবিদ ও সংগঠকরা পেলেন ত্রাণ
নড়াইল প্রতিনিধি মহামারি করোনায় বেকার হয়ে পড়া নড়াইলের ৩০০ ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা। রবিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সহসম্পাদক কৃষ্ণ পদ দাস, আব্দুর রশীদ মন্নুসহ বিভিন্ন কর্মকর্তারা।
