তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

শুধু উদ্যোক্তা তৈরি নয়, নিজেদেরও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে, চাকরি করা নয়, চাকরি দেওয়ার মানসিকতা নিয়ে এগুতে হবে। গতকাল রবিবার বিডা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, ‘তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দুই বছর মেয়াদি এ প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রায় ৫০ কোটি টাকা অর্থমূল্যের এ প্রকল্পের অধীনে দেশের ৬৪টি জেলায় উদ্যোক্তা তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়। সদ্য শেষ হওয়া এ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ২৪ হাজার ৯০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৩৩৭ জন নতুন উদ্যোক্তা তাদের ব্যাবসায়িক যাত্রা শুরু করেছেন এবং নতুন উদ্যোক্তারা বেসরকারিভাবে ১ হাজার ৯৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন।