সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৩৭

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। গত শনিবার ঢাকার একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত ৮ জুলাই  হূদরোগ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি ছেলে নাসের খান চৌধুরী, মেয়ে মাফরিহীন খান চৌধুরী ও স্ত্রী মিসেস হাসিনা খান চৌধুরীকে রেখে গেছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তার মৃত্যুতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জবাসী তথা ময়মনসিংহবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার তার প্রথম জানাজা সকাল ৮টায় রাজধানী ঢাকায়, পরে ঈশ্বরগঞ্জ খেলার মাঠে ১টা ৪৫ মিনিটে, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে  দুপুর ২টা ৩০ মিনিটে এবং বেলালাবাদে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বিকাল ৩টা ৩০ মিনিটে ও মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আসর অনুষ্ঠিত হবে। পরে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হবে।