গাজীপুরে পোশাকশ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৪১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর থেকে পোশাক কারখানার শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকায় তুসুকা ডেনিম লিমিটেড কারখানায় কর্মরত শ্রমিকদের করোনার টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে তাত্ক্ষণিক নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিচ্ছেন পোশাকশ্রমিকেরা। প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব পোশাকশ্রমিককে এই টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। টিকা নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পর্যায়ক্রমে সব গার্মেন্টের শ্রমিকদের টিকা দেওয়া হবে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, মার্কস অ্যান্ড স্পেন্সারের হেড অব কান্ট্রি স্বপ্না ভৌমিক, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং, গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমতুল্লাহ, তুসুকা ডেনিম লিমিটেডের ফিরোজ আলম প্রমুখ বক্তব্য রাখেন।