বিশেষ প্রতিনিধি
রাজধানীতে ফাঁকা বাসা-বাড়িতে চুরির প্রস্তুতির সঙ্গে জড়িত চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। আসন্ন ঈদ উপলক্ষ্যে লোকজন বাড়ি যাওয়ার ফলে ফাঁকা বাসায় চুরির টার্গেট ছিল তাদের। গ্রেফতারকৃতরা হলো— রাসেল, শিপন মৃধা, আল আমিন, মতিউর রহমান ওরফে মেহেদী হাসান, নাসির শেখ, দ্বীন ইসলাম, আমির হোসেন ওরফে ব্যাপারী ও ইলিয়াস মিয়া। শনিবার রাতে ডিএমপির কোতোয়ালি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, গ্রেফতারকৃতরা ফাঁকা বাসাবাড়িতে সুবিধামতো সময়ে গ্রিল কেটে বা অন্য উপায়ে ঢুকে মালামাল চুরি ছাড়াও গ্যারেজে থাকা মোটরসাইকেলও চুরি করে। তাদের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানাসহ কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপু ও পিরোজপুর থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণা, মাদক, ধর্ষণ এমনকি খুনেরও মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সূত্রাপুর ও ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
