অবশেষে হারের মুখ দেখল

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৫৭

চট্টগ্রাম আবাহনী ২

বসুন্ধরা কিংস ১

 স্পোর্টস রিপোর্টার

যারা ঢাকার মাঠে নিয়মিত খেলা দেখতেন তারা এখন করোনার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেতে পারছেন না। তবে এটা বলা যায় যারা কাল টিভির পর্দায় বসুন্ধরা কিংস-চট্টগ্রাম আবাহনীর খেলা দেখেননি তারা সত্যি দেখার মতো গোল উপভোগ করতে পারলেন না। চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার চিনেদু ম্যাথিউ মাঝ মাঠের এপার হতে বল নিয়ে একক চেষ্টায় গোল করেছেন। আর সেই গোলের ওপর ভর করে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরাকে। হারলেও শীর্ষেই আছে। ১৮ খেলায় ১৬ জয়ে ৪৯ পয়েন্ট বসুন্ধরার। সমান খেলায় চট্টগ্রাম আবাহনী ৩১ পয়েন্ট পাঁচ নম্বরে।

এতদিন বসুন্ধরার কপালে হারের কালিমা কেউ দিতে পারেনি। অবশেষে ১৭ ম্যাচ পর বসুন্ধরাকে হারের তেতো স্বাদ দিয়েছে চট্টগ্রাম আবাহনী। বসুন্ধরা গোলশূন্য ড্র করেছিল শেখ জামালের বিপক্ষে। আর গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর কাছে লজ্জার হার হেরেছে বসুন্ধরা। লজ্জা শব্দটা আসার কারণও আছে। বসুন্ধরা সবচেয়ে বড় বাজেটের দল। তাদের বাজেট দিয়ে ঢাকার মাঠের আরো তিনটা দল গড়া যায় সহজেই। তারা খেলোয়াড়দের যেভাবে সুযোগ-সুবিধা দিয়ে থাকে তা অন্য কোনো ক্লাব চাইলেও দিতে পারবে না। সেই তুলনায় চট্টগ্রাম আবাহনী অনেক পিছিয়ে।

বৃষ্টি ভেজা মাঠে বসুন্ধরা চট্টগ্রাম আবাহনীর খেলাটা ১-১ গোলে শেষ হওয়ার পথে। শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনীর চিনেদু ম্যাথিউ ব্রাজিলিয়ান জনাথনকে অসাধারণ দক্ষতায় ডজ দিয়ে ঢুকে পড়েন। সামনে আসেন ইরানি ফুটবলার খালেদ সাফি। তাকেও ডজ দিয়ে ঢুকে পড়েন বক্সে। সেখানে আবার এসে দাঁড়ান ব্রাজিলিয়ান জনাথন, সঙ্গে জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। এই দুই ফুটবলারের মাঝখান দিয়ে চিনেদু ম্যাথিউ বাম পায়ে নিখুঁত শঠ করেন গোলপোস্টে। বলটা দারুণ ভাবে জাতীয় দলের গোলকিপার আনিসুর রহমান জিকোর মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে গেলে বসুন্ধরার ফুটবলাররা হতাশ হয়ে মাঠে বসে পড়েন। চট্টগ্রাম আবাহনীর সাইড বেঞ্চের ফুটবলাররা আনন্দে লাফিয়ে উঠেন। বসুন্ধরার কর্মকর্তারা তাকিয়ে তাকিয়ে দেখলেন একটা অখ্যাত ফুটবলার পুরো মাঝমাঠ কড়া শাসন করে এগিয়ে গিয়ে গোল করে ফেললেন। কোনো বাধাই তাকে থামাতে পারলেন না। শুধু এখানেই এই ম্যাচের চিত্রনাট্য আরো কঠিন ছিল বসুন্ধরার জন্য। ৩৯ মিনিটে এই চিনেদু ম্যাথিউর গোলে এগিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। ৫০ মিনিটে পেনাল্টি পেয়েছিল বসুন্ধরা। মিস করেছেন আর্জেন্টাইন রাউল বেসেরা। ৮৭ মিনিটে ব্রাজিলিয়ান রবসন গোল করে সমতা আনেন ১-১। ৮৯ মিনিটে চট্টগ্রাম আবাহনীর চিনেদু ম্যাথিউ লিগের সবচেয়ে সুন্দর গোলটি করে ম্যাচ জিতিয়ে সবাইকে অবাক করেছেন।

আজকের খেলা :

সাইফ স্পোর্টিং ও আরামবাগ ৪টা ৩০, শেখ জামাল ও শেখ রাসেল ৬টা ৪৫ (বঙ্গবন্ধু স্টেডিয়াম)।