ফুটবলের বড় মঞ্চে স্বাধীনতা ক্রীড়া সংঘ

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, শেখ জামাল, শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবল মঞ্চে সঙ্গে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলবে। গতকাল কলমাপুর স্টেডিয়ামে শেষ খেলায় অগ্রণী ব্যাংকের সঙ্গে গোল শূন্য ড্র করায় চ্যাম্পিয়ন হয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। একটি দলই খেলবে প্রিমিয়ারে।

২০০৫ সালে এই ক্লাবের যাত্রা শুরু। খিলগাঁও তালতলা মার্কেটে দোকান ভাড়া নিয়ে চলে ক্লাবের অফিস। আর মুগদাপাড়ায় বাসা ভাড়া নিয়ে ফুটবল ক্যাম্প। ৩১ সদস্যের নির্বাহী কমিটির সঙ্গে আছে আরো সাধারণ সদস্য। ২০০৫ সালে ক্লাবের যাত্রা শুরু, পরের বছর পাইওনিয়র লিগে নাম লেখায়। ২০০৮ সালে পাইওনিয়রে খেলে পরের বছরই তৃতীয় বিভাগে ওঠে। ২০১২ সালে দ্বিতীয় বিভাগে এবং ২০১৪ সালে প্রথম বিভাগে নাম লেখায়। ২০১৭ সালে প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ওঠে এবার তারা ট্রফি জয় করল। দেশের ফুটবলের মর্যাদার আসরে প্রবেশ করল কোচ মাসুদ আলম জাহাঙ্গীর, অধিনায়ক কলিনের দল।

স্বাধীনতা ক্রীড়া সংঘ নাম দেওয়ার গল্প বলতে গিয়ে এই ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান টুলু বললেন, ‘আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। সেটা থেকেই এই নামে ক্লাবের যাত্রা শুরু হয়।’ তিনি বলেন, ‘আমরা প্রিমিয়ার লিগে খেলব। সরে যাবো না।’