সন্ধ্যায় আবাহনীও হেরেছে

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস হেরে বিদায় নেওয়ার আগেই মাঠে উপস্থিতি আবাহনীর ফুটবলাররা। বসুন্ধরার খেলাও দেখেছেন। বসুন্ধরা হেরে যাওয়ায় আবাহনীর ফুটবলারদের চোখেমুখে আনন্দের ঝিলিক। কারণ আবাহনীও অপেক্ষায় ছিল শিরোপার পথে ধাবমান বসুন্ধরাকে থামাতে। ঢাকার দল আবাহনীর সেই চাওয়াটা পূরণ করল চট্টগ্রাম আবাহনী। কিন্তু কে জানত আবাহনীর জন্য অপেক্ষা করছে বিষাদময় সন্ধ্যা। টেবিলের তলানিতে থাকা মুক্তিযোদ্ধার কাছে হেরে আবাহনীর আরো একটা ক্ষতি হয়ে গেল।

মুক্তিযোদ্ধা ৪-২ গোলে হারিয়েছে আবাহনীকে। বিকাল বেলা বসুন্ধরা কিংস হেরে যাওয়ায় যে ক্ষতিটা হয়েছিল, সন্ধ্যায় আবাহনীর হারে পুরো ক্ষতিটা পুষিয়ে গেল বসুন্ধরার। পয়েন্ট টেবিলে আবাহনী বসুন্ধরা যেখানে ছিল সেখানেই থাকল। আবাহনী ১৮ ম্যাচে ৩৬ এবং সমান ম্যাচে বসুন্ধরার ৪৯ পয়েন্ট।

আর মুক্তিযোদ্ধা ১৭ ম্যাচে পেল তৃতীয় জয়, সঙ্গে ৫ ড্রয়ে এখন ১৭ পয়েন্ট। রেলিগেশনের একটা শঙ্কা মাথায় নিয়ে খেলতে নেমেছিল মুক্তিযোদ্ধা। কাল আবাহনীকে হারিয়ে পিছিয়ে থাকা ব্রাদার্স ও আরামবাগের চেয়ে ক্ষাণিকটা ভালো জায়গায় উঠে আসল। মুক্তিযোদ্ধা ২-০ গোলে এগিয়ে ছিল। আইভরিকোস্টের ডিকো এবং বাল্লো ফামুসার গোলে এগিয়ে থাকলেও পেনালটি হতে আবাহনীর সানডে চিজোবার গোলে ব্যবধান কমে আসে (১-২), আবাহনীও ড্র করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে।  মুক্তিযোদ্ধা আবার পালটা জবাব দেয় আবাহনীকে। এবার পেনালটি হতে বাল্লো ফামুসা এগিয়ে দেন এবং ৮৪ মিনিটে নিপুর গোলে মুক্তিযোদ্ধা ধরাছোঁয়ার বাইরে চলে যায় ৪-১। ইনজুরি টাইমে ফরহাদ আহমেদ শিতুলের গোল (২-৪) আবাহনীকে হারের লজ্জা হতে বাঁচাতে পারেনি।