টেকনোক্র্যাট কোটায় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন পরিকল্পনা কমিশনের সদ্য সাবেক সদস্য কৃষি অর্থনীতিবিদ ড. শামসুল আলম। গতকাল রবিবার সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়ান। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শামসুল আলম পৃথকভাবে গোপনীয়তার শপথও নেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
করোনা মহামারির কারণে এই শপথ অনুষ্ঠান হয়েছে সংক্ষিপ্ত পরিসরে। সরকারের কয়েক জন মন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। সরকারের কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিলে সেই অনুষ্ঠানে সরকারপ্রধান উপস্থিত থাকেন। তবে রবিবারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না। গত নভেম্বর মাসে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানেরও শপথেও ছিলেন না সরকারপ্রধান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় এখন মন্ত্রী আছেন ২৫ জন। এছাড়া ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপমন্ত্রী বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করছেন।
