ভাণ্ডারিয়ায় করোনা ভ্যাকসিন নিতে আগ্রহীদের সংখ্যা বাড়ছে

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২২:৪০

ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকারীদের লাইন প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত সোমবার ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ১ হাজার ২৫০ ডোজ টিকা বরাদ্দ পাওয়া যায়। মঙ্গলবার থেকে দ্বিতীয় বারে প্রথম ডোজ দেওয়ার শুরুর দিনে মাত্র ৫৯ জন টিকা গ্রহণ করেন। তবে ভ্যাকসিন আর নাও আসতে পারে এ কানাঘুষায় দ্বিতীয় দিনে তা বেড়ে ৩০৯ জনে দাঁড়ায়। বৃহস্পতিবার ৫২২ জন এবং শনিবার টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় ৭০০ জনে। সবশেষ গতকাল রবিবার পর্যন্ত ১ হাজার ৮৪০ ডোজ সম্পন্ন হয়। এদিকে ভ্যাকসিন নিতে আগ্রহীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই অনেকেই নিজের মোবাইল ফোন থেকে আবার কেউ কেউ বাইরে কম্পিউটারের দোকান থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে টিকা নিতে হাসপাতালে যাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় জানান, মানুষের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে টিকার ঘাটতি হবে না—এমন প্রতিশ্রুতিতে ১ হাজার ২৫০ ডোজকে (প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে) এখন প্রথম ডোজেই ২ হাজার ৫০০ করা হয়েছে। এদিকে প্রথম বারে এ উপজেলায় অক্সফোর্ডের ৪ হাজার ৭৯০ টিকা গ্রহণকারীর মধ্য প্রায় ১ হাজার মানুষ এখনো দ্বিতীয় ডোজ পাননি—এ প্রসঙ্গে ঐ কর্মকর্তা জানান, প্রথম বারের দ্বিতীয় ডোজ যাদের বাকি আছে তারাও পাবেন এবং দ্বিতীয় বারের প্রথম ডোজ গ্রহণকারীরাও দ্বিতীয় ডোজ পাবেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধির ফলে করোনা শনাক্তের হার কমে আসছে। তবে স্বাস্থ্যবিধি না মানলে যে কোনো সময় এ হার আবার বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।