রংপুর বিভাগ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। রংপুরে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার দুই-ই বেড়েছে। অন্যদিকে রাজশাহী মেডিক্যালে প্রতিদিনই করোনায় ১৫ থেকে ২০ জনের মৃত্যু হচ্ছে।
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় দুই নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষায় ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে গত ১৮ দিনে বিভাগে ২৫ নারীসহ ২৫৮ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮৬ জন। আক্রান্তের হার বেড়ে ২৯ দশমিক ৫১ শতাংশে দাঁড়িয়েছে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু কয়েক দিন ধরে ১৫ থেকে ২০ এর মধ্যেই উঠানামা করছে। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনা পজিটিভ পাঁচ জন, করোনা পজিটিভ থেকে নেগেটিভ এক জন এবং করোনার উপসর্গে ১১ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৩২২ জনের মৃত্যু হলো।
নোয়াখালী প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। জেলা শহরের শহিদ ভুলু স্টেডিয়ামের ১২০ শয্যা কোভিড-১৯ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। তারা সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও চাটখিল উপজেলার বাসিন্দা। মৃতদের মধ্যে পাঁচ জনই নারী।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, তালায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ও উপসর্গে তিন নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। তারা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিবি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সাধীন ছিলেন।
