অভিনেতা মোশাররফ করিমসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লায় মামলা

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২২:৪২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানির একটি মামলা হয়েছে। মামলায় অপর বিবাদীরা হলেন—অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশনের সিইও। রবিবার (১৮ জুলাই) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে এ মামলা করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী। মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার বাদী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী বলেন, ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটক বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়। ঐ নাটকে উকিলদের (আইনজীবী) হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এজন্য নাটকের অভিনেতা ও বৈশাখী টেলিভিশনের সিইওসহ পাঁচ জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি আমলে নিয়েছেন এবং  মামলার তদন্তপূর্বক আগামী ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।