ভারতে জোগান বাড়লে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়া হবে :বিক্রম দোরাইস্বামী

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২২:৪২

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনা ভাইরাসের টিকার জোগান বাড়লে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়ার চেষ্টা থাকবে। গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দোরাইস্বামী বলেন, ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে। করোনা মোকাবিলায়ও ভারত সহযোগিতা অব্যাহত রাখবে। ভারতে টিকা সরবরাহের অবস্থা কী, সেটি জানার জন্যই তিনি যাচ্ছেন।

দোরাইস্বামী আরো বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করে চলতি বছরের ডিসেম্বরে এ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

তিনি সস্ত্রীক সকালে আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছান। এসময় চেকপোস্টে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, আখাউড়া থানার ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ প্রমুখ।