সরকারের চাপে ২০ দলে ভাঙন :ফখরুল

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০০:১৭

সরকারের প্রচণ্ড চাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ ২০ দলীয় জোট ছেড়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন এই দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘ওনারা (জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ) বিরোধী রাজনীতিতে টিকতে পারছেন না। সেকারণে চলে গেছেন। এই কথা বললেই তো হয়—প্রচণ্ড চাপে আমরা টিকতে পারছি না, মামলায় আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। সেটা না বলে কোনো ব্যক্তি বা কোনো দলকে দোষারোপ করা সঠিক কাজ নয়।’ গত ১৪ জুলাই ২০ দল ছাড়ার ঘোষণা দেয় জমিয়তে উলামায়ের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

শরিয়া আইনে বিশ্বাসী না হওয়ার অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের সব জায়গাতে পরিষ্কার বলা আছে যে, আমরা শরিয়া আইনের কোনো বিরোধিতা করব না, শরিয়া আইনের বিরোধী কোনো আইন পাশ করব না। আমরা যখন সরকারে ছিলাম কোনো আইন পাশ করি নাই।’