আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আসলে বিএনপি একটি ‘বাকবাকুম’ পার্টিতে পরিণত হয়েছে। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে করোনার ভ্যাকসিন আসে, তখন বিএনপি বলেছিল ভ্যাকসিন তারা দেবে না। ভ্যাকসিন নিয়েও তারা অপপ্রচার চালিয়েছিল। একদিকে তাদের দণ্ডিত নেত্রী খালেদা জিয়া ভ্যাকসিন নেয়, অন্যদিকে বিএনপির নেতারা ভ্যাকসিন বিষয়ে সমালোচনা করে।
গতকাল রবিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার রোটন, শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
