অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানকে কারাগারে পাঠিয়েছে আদালত। এই দম্পতি গতকাল রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
উল্লেখ্য, গত ৩০ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়।
