স্বাস্থ্যবিধি না মানলে আনন্দের ঈদ ভয়াবহ দুঃসংবাদ আনতে পারে ---------------- জি এম কাদের

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০০:১৮

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো কঠোর অবস্থান নিতে হবে। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ আর ক্রমবর্ধমান মৃত্যুহারের মধ্যেই সারা দেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। পছন্দের পশু কিনতে প্রতিটি হাটেই প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। কিন্তু গণমাধ্যমের খবরে প্রকাশ, পশুর হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নেই বললেই চলে। আবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছে বাড়ির পথে। সেখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছে মানুষ। সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। বিবৃতিতে তিনি আরো বলেন, ঈদের পর দুই দিনে আবারও কর্মস্থলে ফিরবেন সবাই। সাত দিন ধরে যারা বাড়ি গিয়েছেন, তারা দুই দিনে কর্মস্থলে ফিরতে গেলেই সৃষ্টি হবে মারাত্মক জটলা।