গাজীপুরে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে স্থানীয় সহস্রাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে মহানগরীর চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, আব্দুল হালিম মন্ডল, হারুন অর রশিদ, পাপেল সরকার, নাহিদ মোড়ল, রফিকুল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন। এসব ঈদসামগ্রীর মধ্যে ছিল পোলাউর চাল, ডাল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও গুঁড়া দুধ। করোনা ভাইরাসের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও নিম্ন আয়ের এসব পরিবার ঈদসামগ্রী সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন।
রাসেল সরকার বলেন, করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমার পক্ষ থেকে এ ক্ষুদ্র আয়োজন। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে এসব ত্রাণসহায়তা প্রদান করা হয়।
